• Follow Us On :
img

এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৬। ভূগোলে ভালো করার ৮ নিয়ম

ভূগোল ১ম পত্র: পরামর্শ

এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থী মনে করে ভূগোল শুধু মুখস্থ করার বিষয়, কিন্তু বাস্তবে এটি ধারণা,বিশ্লেষণ, প্রয়োগ এবং উপস্থাপনার সমন্বয়ে গঠিত একটি বিষয়। তাই সঠিক প্রস্তুতি ও পরীক্ষার কৌশল অনুসরণ করলে ভূগোলে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব।

বহুনির্বাচনি অংশে গুরুত্ব দিতে হবে

এইচএসসি পরীক্ষায় এ+ পাওয়ার ক্ষেত্রে বহুনির্বাচনি অংশ বেশ গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী সৃজনশীল অংশে ভালো করেও এমসিকিউতে নম্বর হারানোর কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারে না। তাই প্রতিটি অধ্যায়ের সংজ্ঞা, তথ্য, বৈশিষ্ট্য, মানচিত্রভিত্তিক উপাদান, চিত্র, সাল ও পরিসংখ্যান ভালোভাবে পড়তে হবে। নিয়মিত অনুশীলন করলে বহুনির্বাচনি অংশে ভালো করা সম্ভব।

জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নে পাঠ্যবই অনুসরণ করো

জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার সময় অপ্রয়োজনীয় কিছু লিখবে না। সরাসরি পাঠ্যবইভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণত সংজ্ঞা, কী, কাকে বলে, ব্যাখ্যা করো, বলতে কী বোঝায়—এ ধরনের প্রশ্ন সরাসরি পাঠ্যবই থেকে আসে। তাই পাঠ্যবই বারবার পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আয়ত্তে রাখতে হবে।

গ ও ঘ নম্বর প্রশ্নে বিশ্লেষণধর্মী উত্তর লেখো

প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ে নাও। প্রথমেই ভালোভাবে বুছে নাও প্রশ্নের উদ্দীপকে কী বলেছে। তারপর উদ্দীপক থেকে মূল ধারণা বের করে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখতে হবে। গ ও ঘ নম্বর প্রশ্নে নিজের মতামত, বিশ্লেষণ, যুক্তি এবং প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করলে উত্তর আরও মানসম্পন্ন হয় এবং বেশি নম্বর পাওয়া যায়। এখানে প্রয়োজনীয় মানচিত্র আঁকতে  হবে, চিত্র দিতে হবে।