কোমরপানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন
ভারী বর্ষণে জলাবদ্ধতার মধ্যে হাঁটু থেকে কোমরপানি মাড়িয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের দুর্ভোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনা করে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী পরীক্ষা ১৫ জুলাই (আগামী বুধবার)। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলো নগরের ছাতিপট্টি এলাকায় অবস্থিত অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবেন। যেকোনো সময় ভারী বর্ষণ হলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।